আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ঘুষ কিংবা হুমকির মাধ্যমে ইরানকে নীতিগত অবস্থান থেকে সরানোর যেকোনো প্রচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের আগে অনুষ্ঠিত আলোচনায় পশ্চিমা প্রতিনিধিরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ইরানকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
আরাগচির ভাষায়, “তারা আমাকে নয়, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকেই ঘুষ দিতে এসেছিল। তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিক্রির জন্য নয়।”
তিনি আরও বলেন, “এখানে কোনো ঘুষ বা হুমকির স্থান নেই। কারণ হুমকি দেওয়া হয় তাকে, যে ভয় পায়।”
পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, চলমান সংঘাত সত্ত্বেও ইরানের মৌলিক নীতি ও কৌশলে কোনো পরিবর্তন আসেনি। তার মতে, তেহরানের অবস্থান আগের মতোই দৃঢ় রয়েছে।
হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব তুলে ধরে আরাগচি বলেন, ইরানের বন্ধু ও প্রতিপক্ষ—উভয় পক্ষই এখন উপলব্ধি করছে যে দেশটির সবচেয়ে বড় শক্তি কেবল সামরিক সক্ষমতা নয়, বরং হরমুজ প্রণালির ওপর তার কৌশলগত অবস্থান।
তার ভাষায়, “বিশ্ব এখন বুঝতে পেরেছে, ইরানের প্রকৃত পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালি।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই মন্তব্যকে অঞ্চলটির ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: Middle East Eye












