Home জাতীয় শরীয়তপুরে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন, কমবে মামলাজট

শরীয়তপুরে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন, কমবে মামলাজট

0
7
শরীয়তপুরে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন, কমবে মামলাজট

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬

আদালতের মামলাজট কমানো এবং বিরোধের দ্রুত ও কার্যকর নিষ্পত্তির লক্ষ্যে শরীয়তপুরে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (Pre-Case Mediation) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান খান

উদ্বোধনী বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আদালতে মামলা দায়েরের আগেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তুলতে পারলে বিচারব্যবস্থার ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে সাধারণ মানুষ কম সময়ে, কম খরচে এবং সহজ উপায়ে তাদের বিরোধের সমাধান পাবেন।

তিনি বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান। তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতিকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা একটি সময়োপযোগী উদ্যোগ। এর ফলে আদালতে মামলা দায়েরের আগেই অনেক বিরোধের সমাধান সম্ভব হবে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি বিচারব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সদস্য, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here