আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরান ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বিদ্যমান সব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার তেহরানে পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীর পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
পেজেশকিয়ান পাকিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ এবং ‘ইরানিদের দ্বিতীয় আবাস’ হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বরাতে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টারও প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ আন্তরিক অঙ্গীকারের পরিচয় দিয়েছে।
এ সময় পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী দেশটির নেতৃত্বের পক্ষ থেকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও ইরানের জনগণের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি এবং অন্যান্য খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।
সূত্র: ডন












