নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী ছয় মাস তিনি নিরাপত্তাসহ রাষ্ট্রের নির্ধারিত সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস—এই সময়ে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনের বাইরে অন্য কোনো সময়ে কেউ কোনো বক্তব্য দিয়ে থাকলে, সেটি তাদের মতপ্রকাশের স্বাধীনতার বিষয়। তবে সরকার এমন কোনো বিষয় আমলে নেওয়ার মতো পরিস্থিতি দেখেনি।
তার বক্তব্য অনুযায়ী, সংবিধান ও বিদ্যমান আইন অনুসারেই সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা বহাল থাকবে।












