Home রাজনীতি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্তের দায়িত্ব তারেক রহমানের

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্তের দায়িত্ব তারেক রহমানের

0
25
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্তের দায়িত্ব তারেক রহমানের

বিডি ভিউজ বাংলা ডেস্ক:
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে দলটি।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে রাষ্ট্রপতি পদে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নিয়ে আলোচনা হয়নি। তবে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে মত দেন দলটির নীতিনির্ধারকরা।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে সংসদের বিশেষ অধিবেশন নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া তদারকি ও পর্যালোচনার জন্য একটি সুপারভাইজিং ও মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে।

শনিবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: সমকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here