বিডি ভিউজ বাংলা ডেস্ক:
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে ইরানের ওপর যেখান থেকেই হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা ইব্রাহিম রেজাই।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের এই সদস্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন।
ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হামলার উৎসস্থল এবং সংশ্লিষ্ট সব ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের ওপর দ্রুত ও ধ্বংসাত্মক হামলা চালিয়ে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব, তাহলে সেটি ভুল ধারণা।
ইরানের এই আইনপ্রণেতা আরও সতর্ক করে বলেন, দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে পুরো উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোও পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো।












