Home জাতীয় জুলাই শহীদ ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

জুলাই শহীদ ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

0
7
জুলাই শহীদ ও আহতদের জন্য ২,৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে শহীদ পরিবারের জন্য ৮০৪টি এবং আহতদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মঙ্গলবার সচিবালয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে। সুবিধাজনক সময়ে নির্মাণকাজের উদ্বোধন করা হবে। আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীর মিরপুরের কালশীতে গেজেটভুক্ত জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মোট ৩৩টি আবাসিক ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে শহীদ পরিবারের জন্য ১০ তলাবিশিষ্ট ১২টি এবং ১৪ তলাবিশিষ্ট ৬টি ভবন নির্মিত হবে। আহতদের জন্য নির্মিত হবে ১৪ তলাবিশিষ্ট আরও ১৫টি ভবন।

তিনি বলেন, রাজধানীতে উন্নত পরিবেশে আবাসনের ব্যবস্থা করা শহীদ ও আহত পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। সেপ্টেম্বর মাসে কাজ শুরু করা গেলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রকল্প শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সোহেল মনজুর বলেন, জুলাইয়ের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই সরকারের এই উদ্যোগ। তিনি বলেন, “তাদের আত্মত্যাগের তুলনায় এটি হয়তো খুব বড় কিছু নয়, তবে এটি সম্মানের একটি নিদর্শন।” তিনি আরও জানান, সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা ও অন্যান্য সহায়তা কার্যক্রমও অব্যাহত রেখেছে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি একদিনে সংঘটিত হয়নি; দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক অস্থিরতা এবং জনগণের ক্ষোভের ধারাবাহিকতায় এই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

তিনি আরও বলেন, সরকার জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here