Home জাতীয় আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি ছাড়া ডকুমেন্টারি পূর্ণাঙ্গ নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি ছাড়া ডকুমেন্টারি পূর্ণাঙ্গ নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

0
6
আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি ছাড়া ডকুমেন্টারি পূর্ণাঙ্গ নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় সেটিকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে বেশ কিছু অসঙ্গতি ছিল। তিনি বলেন, “প্রথম ভুল আমি দেখেছি, সেখানে আবু সাঈদের ছবিই নেই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি ও প্রতীক। তার ছবি ছাড়া এটি কোনো ডকুমেন্টারি হতে পারে না। একইভাবে সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও নেই।”

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রী ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। এরপরও জাতীয় অনুষ্ঠানে হট্টগোল চলতে থাকা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এমন অনুষ্ঠানকে সংসদের ওয়াকআউটের মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া উচিত নয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় অনুষ্ঠানে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ হওয়া প্রয়োজন ছিল। বিদেশি অতিথিদের উপস্থিতিতে সৃষ্ট পরিস্থিতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব। ভুল হলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, তাদের পুনর্বাসন, চিকিৎসা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অন্যতম পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ছোটখাটো প্রয়োজনেও যদি তাদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়, তবে তা জাতির জন্য লজ্জাজনক।

বক্তব্যের শেষাংশে তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here