Home অর্থনীতি আশুলিয়ায় এ্যালায়েন্স নিট কম্পোজিটে ৫৬৫ শ্রমিক ছাঁটাই, ব্যবসায়িক মন্দার কথা বলছে কর্তৃপক্ষ

আশুলিয়ায় এ্যালায়েন্স নিট কম্পোজিটে ৫৬৫ শ্রমিক ছাঁটাই, ব্যবসায়িক মন্দার কথা বলছে কর্তৃপক্ষ

0
36
আশুলিয়ায় এ্যালায়েন্স নিট কম্পোজিটে ৫৬৫ শ্রমিক ছাঁটাই, ব্যবসায়িক মন্দার কথা বলছে কর্তৃপক্ষ

বিডি ভিউজ বাংলা ডেস্ক: ঢাকার আশুলিয়ার এ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা ৫৬৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাঁটাই কার্যকর হবে ৮ আগস্ট ২০২৬ থেকে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণে ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের অভাব এবং প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা না পাওয়ায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের অস্তিত্ব ও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখতে অতিরিক্ত শ্রমিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২০ অনুসরণ করে ছাঁটাইকৃত শ্রমিকদের আইন অনুযায়ী সব পাওনা ও ক্ষতিপূরণ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা হবে।

এছাড়া শ্রম আইনের ধারা ২১ অনুযায়ী আগামী এক বছরের মধ্যে কারখানায় কাজের পরিধি বৃদ্ধি পেলে বা নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনঃনিয়োগের সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা এবং গ্যাস সংকটের কারণে সৃষ্ট ব্যবসায়িক মন্দার বিষয়টি তারা জেনেছেন। তবে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই।

অন্যদিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ব্যবসায়িক মন্দার অজুহাতে একযোগে এত শ্রমিক ছাঁটাই অমানবিক। তিনি ছাঁটাই নোটিশ প্রত্যাহার এবং সব শ্রমিককে পুনর্বহালের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here