Home সারাদেশ সেন্টমার্টিন নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী

সেন্টমার্টিন নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী

0
5
সেন্টমার্টিন নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের একটি মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি সুপারিশ পাওয়া গেছে। দ্বীপটির প্রতিবেশ-পরিবেশ সুরক্ষা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে ফলজ চারা রোপণের মাধ্যমে দ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

দ্বীপের বাসিন্দাদের গুরুত্ব দেওয়ার আহ্বান

শেখ ফরিদুল ইসলাম বলেন, সেন্টমার্টিনে বসবাসকারী মানুষ দ্বীপটির গুরুত্বপূর্ণ অংশ। তাদের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, দ্বীপের মানুষই দীর্ঘদিন ধরে সেন্টমার্টিনকে লালন-পালন ও ধারণ করে আসছেন। প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা সেখানে বসবাস করছেন। ফলে দ্বীপটির সঙ্গে তাদের গভীর মমত্ব ও সম্পর্ক তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিন বাংলাদেশের একটি অনন্য প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার। দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সেখানে বসবাসকারী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

পরিচ্ছন্নতা ও প্রকৃতি রক্ষায় সবার অংশগ্রহণ

শুধু সরকারের ওপর নির্ভর না করে সেন্টমার্টিনের পরিচ্ছন্নতা ও প্রকৃতি রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের বিরূপ প্রভাব থেকে দ্বীপটিকে রক্ষায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

টেকসই সেন্টমার্টিন গড়তে সমন্বিত উদ্যোগ

প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও টেকসই রাখতে সরকার, স্থানীয় জনগণ, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here