আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরান বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তার মতে, আলোচনায় ইরানের অবস্থান এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ থেকে পাওয়া সুবিধা নিয়ে দেশটির নেতারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসপার এসব কথা বলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এসপার বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুদ্ধের আগের মতো জাহাজ চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে ইরানের নতুন শর্তগুলো থেকে বোঝা যায়, তেহরান আলোচনায় নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী।
তার ভাষায়, “এ থেকে বোঝা যায়, তারা বিশ্বাস করে সুবিধাজনক অবস্থানে আছে এবং তারা জিতছে; এবং প্রকৃতপক্ষে তারা জিতছেও।”
তিনি আরও বলেন, ইরানের নতুন শর্তগুলো দেশটির আরও সাহসী হয়ে ওঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
এসপার মনে করেন, তেহরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রক্সি বাহিনী ব্যবহার করেও শক্তি প্রদর্শন করছে। এর মাধ্যমে ইরান আঞ্চলিক পর্যায়ে নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন অস্ত্রের মজুত নিয়েও উদ্বেগ
সাক্ষাৎকারে ইরান যুদ্ধের সময় কিছু গুরুত্বপূর্ণ গোলাবারুদের মার্কিন মজুত কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন এসপার।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন অস্ত্র উৎপাদন বাড়িয়ে ঘাটতির প্রভাব কমানোর চেষ্টা করছে। তবে কিছু ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনে দীর্ঘ সময় প্রয়োজন হওয়ায় দ্রুত মজুত পূরণ করা সহজ নয়।
এসপারের এই মন্তব্যের ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে হরমুজ প্রণালি, আলোচনার অবস্থান এবং মার্কিন অস্ত্রভান্ডারের সক্ষমতা নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: এবিসি নিউজ












