Home সর্বশেষ সংবাদ দুই দফা অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ

দুই দফা অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ

0
13
দুই দফা অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬

কুমিল্লা নগরীর মুন হাসপাতালে পেট ব্যথা নিয়ে ভর্তি হওয়ার ১০ দিনের মধ্যে দুই দফা অস্ত্রোপচার করা মোবারক হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের দক্ষিণখার এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

স্বজনদের অভিযোগ, রোগ নির্ণয় ও চিকিৎসায় অবহেলার কারণেই মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রথম অস্ত্রোপচারের পর খাদ্যনালিতে সংক্রমণ দেখা দেওয়ায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করতে হয়েছিল।

১০ দিনের মধ্যে দুই অস্ত্রোপচার

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই পেট ব্যথা নিয়ে মোবারক হোসেনকে মুন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ২৮ জুলাই তার পিত্তথলীর অস্ত্রোপচার করা হয়।

তবে অস্ত্রোপচারের পরও পেটের ব্যথা না কমায় চিকিৎসকরা অন্ত্রে প্যাঁচ লাগার কথা জানান। পরে ১০ আগস্ট দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

দুই দফা অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে কেবিনে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।

স্বজনদের দাবি, প্রথম অস্ত্রোপচারে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় অস্ত্রোপচারে প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা খরচ হয়েছে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ

মৃতের ছেলে সজিবের অভিযোগ, প্রথম অস্ত্রোপচারের পরও বাবার ব্যথা না কমলেও যথাযথভাবে রোগ নির্ণয় না করেই দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

ধামতি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম খলিলও চিকিৎসার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, রোগীর রক্তে ইনফেকশনের বিষয়টি জানার পরও অস্ত্রোপচার করা হয়েছিল।

চিকিৎসকের বক্তব্য

অভিযোগ অস্বীকার করেছেন মুন হাসপাতালে চিকিৎসা দেওয়া সার্জন ডা. সোহেল। তিনি জানান, প্রথমে মোবারক হোসেনের পিত্তথলীর অস্ত্রোপচার করা হয়। পরে আবার ব্যথার অভিযোগ করলে পরীক্ষা করে খাদ্যনালিতে ইনফেকশন পাওয়া যায়। এরপর দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়।

তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর বলেন, অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে এর আগেও মুন হাসপাতালে ওষুধ দেওয়াকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছিল। প্রায় ৩৪ হাজার ৫০০ টাকা মূল্যের অ্যাকলাস্টা ইনজেকশনের পরিবর্তে প্রায় ৬ হাজার টাকা মূল্যের জোলেনিক ইনজেকশন দেওয়ার অভিযোগের পর স্বাস্থ্য অধিদপ্তর তদন্তের উদ্যোগ নেয়।

তবে বর্তমান ঘটনায় চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন

জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here