Home জাতীয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

0
6
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলফা অ্যাংকরে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি আনাসা ও বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহাব জাহানের মধ্যে এ সংঘর্ষ হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ৩৫ হাজার ৩৫০ টন স্ল্যাগ নিয়ে গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসে এমভি আনাসা। অন্যদিকে পণ্য খালাস শেষে আলফা অ্যাংকরে নোঙর করে ছিল এমভি জাহাব জাহান। দেশীয় প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজটির সঙ্গে সংঘর্ষের সময় আনাসা স্থানীয় নেভিগেশন ও পাইলটেজ সহায়তা নিয়ে চলাচল করছিল।

বন্দর সূত্রে জানা গেছে, চলাচলের সময় এমভি আনাসার সামনের অংশ দিয়ে নোঙর করা এমভি জাহাব জাহানের সামনের অংশে সামান্য ধাক্কা লাগে। দুর্ঘটনার পর উভয় জাহাজ নিরাপদ দূরত্বে সরে গিয়ে নোঙর করে।

ঘটনার পর জাহাজ দুটির অবস্থা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম বলেন, সংঘর্ষের পর সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের টাগবোট কান্ডারি-৮বিএলভি লুসাই ঘটনাস্থলে রয়েছে।

তিনি বলেন, সংঘর্ষে কোনো হতাহত, জাহাজে পানি প্রবেশ বা পরিবেশদূষণের ঘটনা ঘটেনি। দুই জাহাজের ২১ জন ক্রু নিরাপদে আছেন এবং বন্দরের নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

দুই জাহাজের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র তদন্ত ও নিরূপণ শেষে জানা যাবে বলেও জানান তিনি।

এক দিনের ব্যবধানে দুই সংঘর্ষ

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক ও বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে।

এক দিনের ব্যবধানে বহির্নোঙরে পরপর দুই দফা জাহাজ সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বন্দরের নৌ নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here