Home জাতীয় ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

0
7
ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬

ছয় মাসে সরকার দেওয়া প্রতিশ্রুতির একটি কথাও রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাস পার হয়ে গেছে, এখন সরকারের সমালোচনা শুরু হবে। ‘ছয় মাসের হানিমুন পিরিয়ড’ ছয় বছর ধরে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘ছয় মাস চলে গেছে, এখন সবাই কথা বলতে শুরু করবে, সমালোচনা শুরু করবে। ছয় মাসের হানিমুন পিরিয়ড কী ছয় বছর ধরে চলবে? ছয় মাসে একটি শিশু হামাগুড়ি দিয়ে উঠতে শুরু করে। কিন্তু সরকার যদি নড়তেই না পারে, তাহলে পাঁচ বছর সময় পার করবে কী করে?’

তিনি অভিযোগ করেন, সরকার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংকট নিরসনের কথা বললেও দুই মাসেও এর সমাধান করতে পারেনি। একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু কোনো সমস্যার কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।

‘এটাই কি গণতন্ত্র?’

গণঅভ্যুত্থানে এত ত্যাগ ও মানুষের মৃত্যুর পরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কি না—এমন প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি।

তিনি বলেন, কথা বলতে পারছি—এটাই কি সব? তার অভিযোগ, দেশের অধিকাংশ টেলিভিশন চ্যানেল বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে। কিছু চ্যানেল দখলে না গেলেও তারা শঙ্কার মধ্যে থেকে কথা বলছে।

মান্নার প্রশ্ন, ‘এটার নাম কী গণতন্ত্র?’

উন্নয়ন মানে কর্মসংস্থান ও দারিদ্র্য দূর করা

সরকারের উদ্দেশে মান্না বলেন, উন্নয়ন মানে শুধু বড় বড় ভবন বা স্থাপনা নির্মাণ নয়। উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূর করা।

তিনি বলেন, একদিনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়, তবে কাজের শুরু করা সম্ভব। বিএনপির ৩১ দফা রূপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ছয় মাসে একজনেরও চাকরি হয়েছে কি না।

বিদ্যুৎ সংকট সমাধানে সোলার প্যানেলের প্রস্তাব

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের কাছে একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়ার দাবি জানান মান্না। তা না হলে সরকারের ‘নম্বর কাটা’ শুরু হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দেন।

মান্নার দাবি, সরকার গত এক মাসে প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা করে উত্তোলন করেছে। তার হিসাবে এক মাসে এভাবে ২৪ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তার চেয়ে কম অর্থ ব্যয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি।

‘সরকারের নতুন করে পরীক্ষা দেওয়া উচিত’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন মান্না। তার অভিযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস খাতে সরকার ব্যর্থ হয়েছে; একইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও ব্যর্থতা রয়েছে।

তিনি বলেন, ‘ছয় মাসে ঠিকমতো খাতা খুলতে না পারলে নতুন করে পরীক্ষা দিন।’

সভায় বৃহত্তর মিরপুর এলাকায় নাগরিক ঐক্যের কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেন মান্না।

তিনি বলেন, দল ও নেতৃত্বকে নতুন ধরনের হতে হবে। এমন দল ও নেতা প্রয়োজন, যারা দেশকে নতুনভাবে নেতৃত্ব দিতে পারবেন। নাগরিক ঐক্য এমন ভালো মানুষের দল হিসেবে গড়ে উঠবে, যারা দেশকে নতুনভাবে সাজাতে পারবেন।

সভায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের নেতা সৈয়দ আজিজুল হক খসরুর সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here