ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ৩১ আগস্ট ২০২৬
মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে মামলার ডেথ রেফারেন্স ও হিটু শেখের আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়।
গত ২৫ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
যেভাবে ঘটে ঘটনা
২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ মারা যায় শিশু আছিয়া।
পরে মামলার প্রধান আসামি ও শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।
ওই রায়ে মামলার অপর তিন আসামি—শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
পরবর্তীতে ট্রাইব্যুনালের নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। শুনানি শেষে আজ হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।
সূত্র: আমার দেশ















