Home জাতীয় থানায় জব্দ করা পচনশীল খাদ্যশস্য ফেলে রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট

থানায় জব্দ করা পচনশীল খাদ্যশস্য ফেলে রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট

0
5
থানায় জব্দ করা পচনশীল খাদ্যশস্য ফেলে রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬

মজুতদারির অভিযোগে জব্দ করা পচনশীল খাদ্যশস্য দীর্ঘদিন থানায় ফেলে রেখে নষ্ট করার কোনো আইনি সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে পচনশীল ভোগ্যপণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে তা এভাবে পুলিশ হেফাজতে রাখার কোনো যুক্তিসংগত উদ্দেশ্য নেই।

নওগাঁয় মজুতদারির অভিযোগে জব্দ করা ২৫ টন চালের মালিকানা নিয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে করা ফৌজদারি রিভিশনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।

মো. শিবলু হোসেন বনাম রাষ্ট্র’ মামলায় গত ১৯ আগস্ট বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, ২০২৫ সালের জুলাই থেকে এক বছরেরও বেশি সময় ধরে চালগুলো থানায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। পচনশীল ভোগ্যপণ্য এভাবে দীর্ঘদিন ফেলে রাখার কোনো যুক্তিসংগত উদ্দেশ্য নেই। এতে রাষ্ট্র বা ব্যক্তি—কারওই লাভ হবে না।

কী ঘটেছিল

২০২৫ সালের ৩ জুলাই নওগাঁর বদলগাছী উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৫ হাজার কেজি বা ২৫ মেট্রিক টন কাটারি আতপ চাল জব্দ করা হয়। ৫০০ বস্তায় থাকা চালের আনুমানিক বাজারমূল্য ছিল ১৫ লাখ টাকা

পরদিন বদলগাছী থানায় খাদ্যদ্রব্য মজুত ও বিপণনসংক্রান্ত আইনে মামলা করা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা মো. শিবলু হোসেনকে জব্দ করা চালের প্রকৃত মালিক হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দেন। তবে চালের জিম্মা চেয়ে করা আবেদন নিম্ন আদালত খারিজ করলে তিনি হাইকোর্টে রিভিশন করেন।

হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট বলেন, জব্দ করা খাদ্যশস্যের মধ্যে আলামত হিসেবে যতটুকু প্রয়োজন, শুধু সেই পরিমাণ নমুনা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট খাদ্যশস্য দ্রুত প্রকাশ্যে নিলাম বা আইনসম্মত উপায়ে নিষ্পত্তি করতে হবে।

আদালত সংশ্লিষ্ট সেশন আদালতকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে বাকি চাল ১৫ লাখ টাকার বন্ডের শর্তে মো. শিবলু হোসেনের জিম্মায় দিতে হবে।

বিচার শেষে অপরাধ প্রমাণিত হলে বন্ডের অর্থ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আর অপরাধ প্রমাণিত না হলে বন্ড বা জামানত বাতিল বলে গণ্য হবে।

হাইকোর্টের এই পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে, মামলার আলামত সংরক্ষণের নামে পচনশীল খাদ্যশস্য দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় রেখে নষ্ট করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here