Home জাতীয় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

0
8
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংগঠনটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সময়ের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশ নেন। সম্পাদকরা কিছু সংশোধনীসহ ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন করেন।

এ ছাড়া যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের প্রস্তাবে প্রতিবছর সাংবাদিকতায় ‘নজরুল পদক’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভাপতি শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং সম্পাদকদের ঐক্য নিয়ে আলোচনা হয়।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে ভবিষ্যতে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, সাংবাদিকতার নামে অতীতে গণমাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে উল্লেখ করেন।

ওয়াদা সম্পাদক শফিকুল আলম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সম্পাদকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। এনইসিকে সারা বাংলাদেশের সম্পাদকদের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রথম সাধারণ সভার মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সম্পাদকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে সংগঠিত করার উদ্যোগ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here