রাজনৈতিক প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আগামীতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা হবে। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে বিদ্যমান আইনি বাধ্যবাধকতা দূর করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নরসিংদীর পলাশে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, হরমুজ প্রণালী নিয়ে বিশ্বে কিছু বৈশ্বিক সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ চলছে। দ্রুতই পরিস্থিতির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের দুঃশাসন ও ভোটারবিহীন নির্বাচনের যুগের অবসান ঘটেছে।
সরকারের নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। মৃত ব্যক্তিদের ভোট দেওয়া এবং রাতের ভোটের সংস্কৃতির মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
মঈন খান বলেন, এর বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পলাশের চারজনসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর ধ্বংসপ্রাপ্ত দেশকে যেভাবে পুনর্গঠন করেছিলেন, একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনরুদ্ধারের কাজ চলছে।
বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি দাবি করে তিনি বলেন, দলটি গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
পলাশের স্থানীয় শিল্পকারখানাগুলো দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে উল্লেখ করে মঈন খান বলেন, অচিরেই ধুঁকতে থাকা কলকারখানাগুলো সচল করতে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ—প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে।















