Home জাতীয় শেখ হাসিনা ও তার দলের কর্মকাণ্ডই তারেক রহমানের দিল্লি সফরের বড় চ্যালেঞ্জ

শেখ হাসিনা ও তার দলের কর্মকাণ্ডই তারেক রহমানের দিল্লি সফরের বড় চ্যালেঞ্জ

0
6
শেখ হাসিনা ও তার দলের কর্মকাণ্ডই তারেক রহমানের দিল্লি সফরের বড় চ্যালেঞ্জ

শেখ হাসিনা ও তার দলের কর্মকাণ্ডই তারেক রহমানের দিল্লি সফরের বড় চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৬ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৬ অক্টোবর ২০২৬

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে নবনির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো ভারতের উপলব্ধি করা প্রয়োজন। শেখ হাসিনা ও তার সহযোগীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সফরটি দ্বিপক্ষীয় হবে, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে উঠব।”

শেখ হাসিনা ও তার সহযোগীরা দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন—এমন অভিযোগও করেন হুমায়ুন কবির। তার ভাষ্য, এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না।

শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনের সময় প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ করেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে ‘একজন সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তবে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ঢাকার কাছে অগ্রাধিকার। তিনি দাবি করেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কিছু ইতিবাচক লক্ষণও দেখা যাচ্ছে।

আওয়ামী লীগের নেতৃত্বকে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি ‘বাধা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ জাতীয় স্বার্থকে সামনে রেখে আলোচনায় বসলে সব বিষয়ই সমাধান করা সম্ভব।

বাংলাদেশ ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডকে নিজ ভূখণ্ডে সুযোগ দেবে না উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভারতও বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ড হতে দেবে না—এমন প্রত্যাশা করে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সব বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে আলোচনায় পারস্পরিক কিছু ‘আদান-প্রদান’ প্রত্যাশা করছে ঢাকা।

সূত্র: দৈনিক ইত্তেফাক / দ্য হিন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here