Home সর্বশেষ সংবাদ এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স

0
2
এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’

বিডি ভিউজ বাংলা নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন কাঠামোয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন দলটির চার নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নিজ নিজ পদে বহাল থাকছেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার অথবা বুধবার পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। নেতাদের সাংগঠনিক তৎপরতা, দল গঠন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা মূল্যায়নের ভিত্তিতে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন চার নেতা

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করার পরিকল্পনা রয়েছে।

দলীয় সূত্র বলছে, দল গঠন, জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে এই চার নেতার ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁদের সাংগঠনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অবস্থানে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’

বর্তমানে এনসিপির শীর্ষ নেতৃত্বের কাঠামোয় মোট ১১টি পদ রয়েছে। এর মধ্যে আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সমন্বয়ক, দুই মুখ্য সংগঠক, মুখপাত্র এবং কয়েকটি জ্যেষ্ঠ যুগ্ম পদ অন্তর্ভুক্ত। এই কাঠামো দলটির ভেতরে ‘সুপার ইলেভেন’ নামে পরিচিত।

পুনর্গঠনের মাধ্যমে শীর্ষ নেতৃত্বের পদ ছয়টিতে সীমিত করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বাড়ানো সম্ভব হবে।

রাজনৈতিক পর্ষদে থাকছেন ১৬ সদস্য

দলটির তিন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা ১৬। আহ্বায়ক ও সদস্যসচিব পদাধিকারবলে এই পর্ষদের সদস্য। পুনর্গঠিত কাঠামোতেও তাঁদের পাশাপাশি পাটওয়ারী, হাসনাত, সারজিস ও আসিফ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন।

পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁরা হলেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিবদের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। তাঁরা মূলত দলের সহযোগী সংগঠন ও বিভিন্ন সেলের কার্যক্রম তদারক করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

কেন এই পুনর্গঠন?

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের ভাষ্য অনুযায়ী, আহ্বায়ক কমিটির মাধ্যমে দলটির কার্যক্রম শুরু হয়েছিল। পরে নতুন নতুন নেতা দলে যুক্ত হওয়ায় তাঁদের দায়িত্ব দেওয়ার জন্য আরও কিছু পদ তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে চলা এই কাঠামো এখন পুনর্গঠন করা প্রয়োজন বলে দল মনে করছে।

তিনি জানান, নেতাদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে পরিবর্তন আনা হচ্ছে। দলের কেউ কেউ নিজেদের কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, আবার কেউ কেউ প্রত্যাশা অনুযায়ী সক্রিয় ছিলেন না। এসব বিষয় বিবেচনায় নিয়েই সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের আলোচনা সামনে এলেও তখন তা বাস্তবায়িত হয়নি। দলটির প্রথম জাতীয় কাউন্সিল ২০২৭ সালের শুরুতে আয়োজনের পরিকল্পনার কথাও এর আগে জানানো হয়েছিল।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিডি ভিউজ বাংলা | সত্য, তথ্য ও জনস্বার্থের সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here