Home অর্থনীতি আগের সরকারের আমলের আইএমএফের ঋণ কর্মসূচি ছিল দেশের স্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

আগের সরকারের আমলের আইএমএফের ঋণ কর্মসূচি ছিল দেশের স্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

0
5
আগের সরকারের আমলের আইএমএফের ঋণ কর্মসূচি ছিল দেশের স্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আগের সরকারের সময় নেওয়া ঋণ কর্মসূচিকে দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ওই কর্মসূচি থেকে সরকার বেরিয়ে আসছে এবং দেশের জনগণের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করা হবে।

রোববার (১২ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে আইএমএফের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করে। প্রতিনিধিদলটি চলতি সপ্তাহজুড়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে।

অর্থমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আইএমএফের সঙ্গে যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটির অনেক শর্তই দেশের মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। একটি নির্বাচিত সরকার হিসেবে আমরা সেসব শর্ত গ্রহণযোগ্য মনে করি না। তাই আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে নতুন কর্মসূচির দিকে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, নতুন কর্মসূচি হবে এমন, যা দেশের অর্থনীতি শক্তিশালী করবে এবং জনগণের স্বার্থ রক্ষা করবে। কেবল ঋণের কিস্তি পাওয়া নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

“কিস্তির টাকার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যে কর্মসূচিতে যাব, সেটি দেশের ও মানুষের স্বার্থ সংরক্ষণ করছে কি না। সেটিই আমাদের সবচেয়ে বড় বিবেচ্য,”—বলেন অর্থমন্ত্রী।

এদিকে দেশের ভিসা নীতি আধুনিকায়নের উদ্যোগের কথাও জানান তিনি। অর্থমন্ত্রীর ভাষ্য, একটি দেশের ভিসা নীতিই সেই দেশের বিনিয়োগ ও পর্যটনবান্ধব পরিবেশের প্রতিফলন। তাই আন্তর্জাতিক মানের একটি আধুনিক ভিসা নীতি প্রণয়নের কাজ চলছে, যা বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতকে আরও গতিশীল করবে।

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, দেশের সার্বভৌম অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ন রেখেই যেকোনো আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here