Home জাতীয় ২৫ বছর পূর্ণের আগে সরকারি চাকরি ছাড়লে মিলবে না পেনশন: আপিল বিভাগ

২৫ বছর পূর্ণের আগে সরকারি চাকরি ছাড়লে মিলবে না পেনশন: আপিল বিভাগ

হাইকোর্টের রায় বাতিল, রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর; পূর্ণাঙ্গ রায় প্রকাশ

0
22
২৫ বছর পূর্ণের আগে সরকারি চাকরি ছাড়লে মিলবে না পেনশন: আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো কর্মচারী পেনশন সুবিধা পাওয়ার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই প্রকাশিত ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এ সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। রায়টি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাঁদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন মাহবুব মোরশেদ নিজেই।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আইনসভা যৌক্তিক বিবেচনায় এমন বিধান করেছে যে, সরকারি চাকরিতে ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন বা সংশ্লিষ্ট অবসর সুবিধার অধিকারী হবেন না।

মামলার প্রেক্ষাপট

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগ দেন। চাকরির ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা জজ থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

পরবর্তীতে ২০১৫ সালে ১৯ বছরের চাকরির ভিত্তিতে পেনশন ও আনুতোষিকের আবেদন করলে আইন মন্ত্রণালয়কে পাঠানো প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এক চিঠিতে জানানো হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্ববর্তী চাকরিকাল পেনশনের জন্য গণনাযোগ্য থাকে না এবং ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের যোগ্য নন।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন মাহবুব মোরশেদ। ২০২১ সালে হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিয়ে পেনশন ও অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ দেন।

তবে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ২০২২ সালে আপিল বিভাগ আবেদন গ্রহণ করে এবং হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন। পরবর্তী শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ।

এই রায়ের মাধ্যমে সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা না পাওয়ার বিষয়টি সর্বোচ্চ আদালতের রায়ে পুনর্ব্যক্ত হলো।

হাইকোর্টের রায় বাতিল, রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর; পূর্ণাঙ্গ রায় প্রকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here