প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ভেদাভেদ নয়—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই সরকার দেশকে এগিয়ে নিতে চায়। দেশের মানুষ সরকারের পাশে থাকলে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “সন্তান যখন বড় হয়, তখন যেমন আপনার বুক আনন্দে ভরে ওঠে, তেমনি একটি গাছ বড় হতে দেখলেও একই রকম আনন্দ পাবেন।”
দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার।
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে। বাইরের কেউ এসে আমাদের দেশ ঠিক করে দিয়ে যাবে না।”
এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী—
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
এর আগে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।













