স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জন রয়েছেন।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়া দুইজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।












