Home সর্বশেষ সংবাদ এইচএসসি পরীক্ষা ঘিরে উত্তরায় মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের ৮ দফা দাবি

এইচএসসি পরীক্ষা ঘিরে উত্তরায় মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের ৮ দফা দাবি

প্রশ্নপত্রে ত্রুটি, পরীক্ষা স্থগিত ও শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ; দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ

0
10
এইচএসসি পরীক্ষা ঘিরে উত্তরায় মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের ৮ দফা দাবি

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়া এ কর্মসূচির ফলে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-বিমানবন্দর সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি উত্তরার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কেও তীব্র যানজট দেখা দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৮ দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবি, প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

এছাড়া তারা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রে ত্রুটির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ১৪ নম্বর দেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা, ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও তীব্র যানজটের মধ্যেও পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে প্রশ্নপত্রের গুরুতর ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন। দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীদের ৮ দফা দাবি

  • প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা।
  • এইচএসসি-২০২৬ ব্যাচকে নিয়ে কোনো পরীক্ষামূলক কার্যক্রম না চালানো।
  • অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত।
  • পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির জন্য ক্ষমা চাওয়া।
  • বিজ্ঞান বিভাগের সব শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৪ নম্বর প্রদান।
  • শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।
  • গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নপত্র প্রণয়ন।
  • শিক্ষা ব্যবস্থা সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছিলেন এবং যান চলাচল স্বাভাবিক হয়নি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “শিক্ষার্থীরা এখনো মহাসড়কে অবস্থান করছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here