Home জাতীয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১৮তম বারের মতো পিছিয়ে...

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১৮তম বারের মতো পিছিয়ে ২০ আগস্ট

0
36
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১৮তম বারের মতো পিছিয়ে ২০ আগস্ট

বিডি ভিউজ বাংলা ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এরও আগে ৬ জানুয়ারি ডিবি মামলার চার্জশিট দাখিল করে। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে কয়েকজন এখনো পলাতক রয়েছেন।

ঘটনার পটভূমি

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৩ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here