Home জাতীয় জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

0
6
জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ।

বুধবার (১৬ জুলাই) দেওয়া বাণীতে রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ জুলাই একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। তিনি আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের পাশাপাশি আহত তরুণ-তরুণী ও যুবকদের প্রতিও শ্রদ্ধা জানান, যাদের অনেকেই স্থায়ীভাবে আহত হয়ে এখনও কষ্টকর জীবনযাপন করছেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আন্দোলনে অংশ নেওয়া দেশপ্রেমিক নাগরিকদের অবদানের কথাও স্মরণ করেন।

বাণীতে তিনি উল্লেখ করেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের মৃত্যুর ঘটনা আন্দোলনে নতুন গতি ও তীব্রতা যোগ করে। পরবর্তীতে শিক্ষার্থীদের গ্রেপ্তার, দমন-পীড়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

রাষ্ট্রপতি বলেন, এই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফল।

তিনি আরও বলেন, জুলাই শহীদদের আত্মদান স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের শক্তির উৎস জনগণ এবং জনগণের মৌলিক অধিকার, মর্যাদা, ন্যায়বিচার ও স্বার্থ নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা জোগায়।

রাষ্ট্রপতি বলেন, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাণীর শেষে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত ও শাশ্বত শান্তি কামনা করেন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here