Home অর্থনীতি ক্ষুদ্র বিনিয়োগকারীদের অধিকাংশের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান নেই: বিএসইসি চেয়ারম্যান

ক্ষুদ্র বিনিয়োগকারীদের অধিকাংশের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান নেই: বিএসইসি চেয়ারম্যান

0
6

অর্থনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, গত চার দশকে দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই প্রধান বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে তাদের অধিকাংশেরই পুঁজিবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান বলেন, অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী নিজের বিশ্লেষণের পরিবর্তে অন্যের পরামর্শ বা গুজবের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। একই ধরনের শেয়ারে একযোগে বিনিয়োগের প্রবণতার কারণে তারা বারবার বাজার কারসাজিকারীদের ফাঁদে পড়েন।

তিনি বলেন, অনেক বিনিয়োগকারী দ্রুত মুনাফার আশায় মৌলভিত্তি শক্তিশালী কোম্পানির পরিবর্তে দুর্বল শেয়ারে বিনিয়োগ করেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি পেশাদার বিনিয়োগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএসইসি চেয়ারম্যানের মতে, বিনিয়োগকারীদের সঠিক দিকনির্দেশনা দিতে মিউচুয়াল ফান্ডের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি জানান, পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশন বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ব্রোকারেজ হাউসগুলোর ওপর নজরদারি আরও বাড়ানো হবে এবং বিভিন্ন প্রক্রিয়া ডিজিটালাইজেশনের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমিয়ে আনা হবে।

মাসুদ খান বলেন, “আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, তাতে বাজার ঘুরে দাঁড়াবে। ব্রোকারেজ হাউসগুলোর হাতে থাকা কিছু প্রক্রিয়া ডিজিটাল করা হবে, যাতে অনিয়মের সুযোগ কমে।”

তিনি আরও বলেন, বাজার উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা ও বাজার—উভয় দিকেই সমান গুরুত্ব দিতে হবে। গত বছর চালু হওয়া মার্জিন রুলস বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে উল্লেখ করে তিনি জানান, ওই নীতিমালা পুনর্বিবেচনা ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। ছায়া সংসদ প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here