নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তবে নোটিশে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে স্থানীয় পর্যায়ে ঝুট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, প্রকাশিত অভিযোগসহ বিভিন্ন বিষয় পর্যালোচনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। নির্বাচনে তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট।











