আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সেনা ব্যারাকে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রায়ত্ত তাসনিম নিউজ এজেন্সি জানায়, হামলাটি ইবানশাহর এলাকার বামপুর ব্যারাকে চালানো হয়েছে। ইরানি সেনাবাহিনী এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ উল্লেখ করে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী বামপুর গ্যারিসনের বিভিন্ন স্থাপনায় মোট ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
হামলায় ব্যারাকে অবস্থানরত ৩৮৮তম ব্রিগেডের সাতজন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হন।
ইরানি কর্তৃপক্ষের দাবি, আগে থেকেই নেওয়া কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা আরও বেশি হয়নি।
অতিথিশালা ও আবাসন ভবন ছিল লক্ষ্য
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো মূলত ব্যারাকের একটি বিশেষ অতিথিশালা, নিরাপত্তা চৌকি এবং সেনাদের আবাসন ভবনকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।
ইরানি সেনাবাহিনীর অভিযোগ, হামলার উদ্দেশ্য ছিল সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটানো।
বিবৃতিতে বলা হয়, “এই অপরাধের উপযুক্ত সময়ে চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে।”
স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি
ইরানের পক্ষ থেকে হামলার এ দাবি করা হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া নিহত ও হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা












