আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সংস্থাটিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, “যুক্তরাষ্ট্র আগ্রাসনকারী, ভুক্তভোগী নয়।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চিঠিতে ইরাভানি অভিযোগ করেন, যুদ্ধ বন্ধে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।
চিঠিতে তিনি লিখেছেন, “সমঝোতায় স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে অস্বীকার করেছে। একই সঙ্গে সক্রিয় ও উদ্দেশ্যমূলকভাবে চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করেছে।”
ইরানের পক্ষ থেকে জাতিসংঘের প্রতি চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে ইরানের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












