নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে হবে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করা হয়েছে।
এর আগে বুধবার (১৫ জুলাই) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরবর্তীতে এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়ায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের গতিপ্রকৃতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা প্রকাশ করা হবে।












