পাবনা প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা
পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা উপজেলার সড়াডাঙি এলাকায় অ্যাম্বুলেন্স ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ হোসেন। চালক রাজ হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া নামে এক শিশুর মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী থেকে পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিলেন।
পথে অ্যাম্বুলেন্সটি আতাইকুলা উপজেলার সড়াডাঙি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন এবং শিশুটির নানী বুলু খাতুন নিহত হন। দুর্ঘটনায় আরও চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












