Home সারাদেশ পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২; পাল্টা অভিযোগ আওয়ামী লীগ...

পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২; পাল্টা অভিযোগ আওয়ামী লীগ নেতার

0
5

ন্যাশনাল ডেস্ক, বিডি ভিউজ বাংলা: পাবনার সুজানগর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপলক্ষে এলাকায় মানুষের উপস্থিতি ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে সেখানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় অভিযান চালায়।

পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক নেতাকর্মী ও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই সদস্য আহত হন।

পুলিশের অভিযোগ, এ হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে পরিচালিত হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল ওহাব। তিনি দাবি করেন, পুলিশের বক্তব্য “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন”। তার ভাষ্য, পুলিশের অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না, ফলে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, তার জানা মতে, বিশ্বকাপের খেলা শেষে স্থানীয় কয়েকজন যুবক খিচুড়ি রান্না করছিলেন। এ সময় পুলিশ ১০ থেকে ১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা বের হয়ে এসে তাদের ছাড়িয়ে নেন। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here