আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান আগ্রহী। তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান অব্যাহত রাখতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পেনসিলভানিয়ায় এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা খুব শিগগিরই ইরানকে পরাজিত করব।”
তিনি আরও বলেন, ইরান-সংক্রান্ত পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ইতিবাচকভাবে এগোচ্ছে, যদিও এতে তেহরান সন্তুষ্ট নয়।
ট্রাম্পের দাবি, ইরানের নেতারা চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় বসতে চান।
তিনি বলেন, “তারা খুব দ্রুত সমঝোতা করতে মরিয়া। আমরা যা করছি, তা তাদের ভালো লাগছে না। তারা সত্যিই চুক্তি করতে চায়। এখন দেখা যাক, আমরা তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছাব, নাকি বিষয়টি এখানেই শেষ করে দেব।”
এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে উৎপাদন আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি












