ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে সমান শক্তিতে পাল্টা জবাব দেওয়া হবে।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি জানায়, আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর প্রতিকার না থাকায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেই তারা প্রস্তুত। এ সময় তারা পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৯৪ নম্বর আয়াত উদ্ধৃত করে, যেখানে আক্রমণের জবাবে সমান প্রতিরোধের কথা উল্লেখ রয়েছে।
আইআরজিসি আরও দাবি করে, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তা করেছে, তারাও জবাবদিহির মুখোমুখি হতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই বক্তব্য এসেছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাজারে এর প্রভাব আরও বাড়তে পারে।
সূত্র: CNN












