ঢাকা: দেশের বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ পাস হয়েছে। আইনটি কার্যকর হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে নতুন একটি সংস্থার অধীনে পরিচালিত হবে।
সরকারি গেজেট প্রকাশের পর নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে। নতুন সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে।
নতুন কাঠামোর লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, দ্রুত অনুমোদন, ডিজিটাল লাইসেন্সিং এবং বিনিয়োগ-সংক্রান্ত সব সেবাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, এই একীভূতকরণ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উদ্যোগ। এর মাধ্যমে বিনিয়োগ সহায়তা আরও সমন্বিত ও কার্যকর হবে এবং বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগ সক্ষমতা আরও শক্তিশালী হবে।
নতুন আইনের আওতায় শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চল ব্যবস্থাপনা, পিপিপি প্রকল্প অনুমোদন, বিনিয়োগ নিবন্ধন, আমদানি-রপ্তানি অনুমোদন, প্রণোদনা এবং সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সমন্বিতভাবে পরিচালিত হবে।
আইনটি কার্যকর হলে বিডা আইন-২০১৬, বেজা আইন-২০১০, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন-২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৮ রহিত হয়ে সংশ্লিষ্ট দায়িত্ব ও কার্যক্রম ইনভেস্ট বাংলাদেশ-এর আওতায় একীভূত হবে।
সরকারের আশা, এই উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












