Home সারাদেশ পটুয়াখালীতে আ. লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, লুটপাট ও অগ্নিসংযোগের দাবি

পটুয়াখালীতে আ. লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, লুটপাট ও অগ্নিসংযোগের দাবি

0
29
পটুয়াখালীতে আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

পটুয়াখালী, ১৮ জুলাই: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়িটি মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো. মিজানুর রহমান লাভলু কাজীর

লাভলু কাজীর অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর অনুসারীরা তার বাড়িতে হামলা চালান। তিনি দাবি করেন, প্রথমে এস্কেভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়, এরপর ঘরের মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার নেতৃত্বে আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় লাভলু কাজীর ভাই মশিউর রহমান বাবলু কাজী ফেসবুক লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনের কাছে সহায়তা চাইলেও তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনাস্থলের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিষয়টি বর্তমানে জেলা প্রশাসনের তদন্তাধীন।

অভিযোগের বিষয়ে আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত শাহীন চৌধুরীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির (স্থগিত কমিটি) সভাপতি শাহাবুদ্দিন নান্নু মুন্সী দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। কেউ ব্যক্তিগতভাবে জড়িত থাকলে তার দায় দল নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, ঘটনাস্থলে ভাঙচুরের আলামত পাওয়া গেছে এবং জমির মালিকানা-সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here