অর্থনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা
উৎসে কর কর্তন (Withholding Tax) তদারকি ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করতে দেশব্যাপী বিশেষ টিম মাঠে নেমেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় কর অঞ্চলগুলোর বিশেষ টিম বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে তথ্য যাচাই কার্যক্রম পরিচালনা করছে।
রোববার (১৯ জুলাই) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তাদের প্রদত্ত ক্ষমতাবলে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আইন অনুযায়ী, কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ অর্থনৈতিক কার্যক্রম-সংক্রান্ত নথিপত্র পরীক্ষা ও তলব করার ক্ষমতাও রয়েছে তাদের।
এছাড়া কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙে তথ্য সংগ্রহের সুযোগও রয়েছে। উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নথিপত্র বা ইলেকট্রনিক রেকর্ড সাময়িকভাবে জব্দ করা এবং নথির কপি সংগ্রহ করতেও পারবেন কর্মকর্তারা।
এনবিআর জানিয়েছে, রাজস্ব আহরণ কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭(২) অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।
করদাতাদের সঠিক আইনি ধারা ও নির্ধারিত অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।
এছাড়া ধারা ১৪৭-এর প্রয়োগ নিয়ে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে assistance147nbr@gmail.com ঠিকানায় এনবিআরের ধারা ১৪৭-সংক্রান্ত কমিটির সদস্যসচিবের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)












