বরিশালে বাস-অটোরিকশা-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
বরিশাল প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা
বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ব্রেক ফেল করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেন বালী (৬১)-কে মৃত ঘোষণা করেন। তিনি জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে।
পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সেলিম হাওলাদার (৫০) মারা যান। তিনি একই গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












