নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় বিস্ফোরণের দাবি তেহরানের, সমন্বয় না থাকলে নিরাপত্তার গ্যারান্টি নয়
আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের বিস্ফোরণে আরও একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির কর্মকর্তারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তেহরান নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর ইরান এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখে চলতে হবে। অন্যথায় কোনো জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না।
টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর নতুন করে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। ওই সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো হামলার খবর পাওয়া যায়নি। একইভাবে ইরানের পক্ষ থেকেও কোনো পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি।
এর আগে গত ২৬ জুন ইরান ঘোষণা দেয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে কেবল তেহরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটন ইরানে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।
এদিকে গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আগের মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ঘোষণা দেন। তার অভিযোগ, তেহরান ওই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।
এর আগে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা এবং কৌশলগত এই সমুদ্রপথে নৌ-চলাচলের নিয়ম নিয়ে নতুন করে বিরোধ দেখা দেয়।
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরান বলছে, জাহাজগুলোকে তাদের নির্ধারিত উপকূলীয় নৌপথ ব্যবহার করতে হবে এবং তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত নৌ-নির্দেশনা ব্যবস্থার অধীনে চলাচল করতে হবে।












