Home অর্থনীতি বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় তুরস্কের সানকো

বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় তুরস্কের সানকো

0
7
বাংলাদেশের বস্ত্র খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় তুরস্কের সানকো

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো (SANKO)। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চায়।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সানকোর প্রতিনিধিদলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।

সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক, দক্ষ শ্রমশক্তি এবং রপ্তানির সম্ভাবনা বিবেচনায় স্থানীয় উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে তারা আগ্রহী।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রক্রিয়াজাতকরণ এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিনিধিদল জানায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের পরবর্তী ধাপ শুরু করা হবে। নির্মাণকাজ শুরুর ১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে।

বৈঠকে সানকোর পক্ষ থেকে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী কয়লাবিহীন জ্বালানি ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদনের পরিকল্পনার কথাও জানানো হয়।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে।

সংশ্লিষ্টদের মতে, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং বাংলাদেশের বস্ত্র ও পাট খাতের রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী হবে।

তথ্যসূত্র: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here