বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর নতুন হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার (স্থানীয় সময়) গাজার বিভিন্ন আবাসিক এলাকায় চালানো পৃথক বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার ডেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুই ফিলিস্তিনি নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে, গাজা সিটির উত্তরাঞ্চলে একটি আবাসিক ফ্ল্যাটে চালানো পৃথক বিমান হামলায় আরও তিনজন নিহত হন। আহত হয়েছেন কয়েকজন।
এমন সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন গাজায় যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা চলছে। ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে কথা বলেছেন।
দাহলানের দাবি, কুশনার তাকে জানিয়েছেন যে, গাজায় ইসরাইলি হামলা বন্ধে তিনি ইসরাইল সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
তবে কূটনৈতিক আলোচনার মধ্যেও গাজায় সামরিক অভিযান ও বেসামরিক মানুষের প্রাণহানি অব্যাহত রয়েছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম












