বিডি ভিউজ বাংলা | রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি শহরের উপকণ্ঠে চাঁদার দাবি পূরণ না করায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল হামিদ রানা ও মহাসচিব সোলায়মান এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির ওই বাগান মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় দুর্বৃত্তরা বাগানের ফলন্ত গাছগুলো কেটে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
পিসিএনপি নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ, চাঁদার দাবিতে হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য এলাকায় সক্রিয় সব সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংগঠনটি আরও হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভুক্তভোগী জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সূত্র: পিসিএনপি’র প্রেস বিজ্ঞপ্তি












