বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলা প্রমাণ করে যে দেশটির সরকার কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩ আগস্ট) এক সরকারি বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, আঙ্কারা অভিযোগ করেছে—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল লক্ষ্য ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত করা।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ধারাবাহিকভাবে এমন পদক্ষেপ নিচ্ছেন, যা আঞ্চলিক নিরাপত্তা ও ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকেও দুর্বল করে দিচ্ছে।
ন্যাটোভুক্ত দেশ তুরস্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন ও বিস্তারবাদী নীতির বিরুদ্ধে আরও দৃঢ় ও কার্যকর অবস্থান নেওয়া প্রয়োজন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করার পরও রোববার ইসরায়েলি হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পরই তুরস্কের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া জানানো হয়।
সূত্র: আল জাজিরা












