Home জাতীয় বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

0
9

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা :

বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি উদ্যোগ, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ

ইউএই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ, দেশে ফেরাতে চলছে আইনি ও কূটনৈতিক তৎপরতা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকার আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএইর একটি আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পর সেখানে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। আদালতের জামিন আদেশের বিস্তারিত জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—দুই ধরনের উদ্যোগই চলমান রয়েছে। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

মেট্রোরেল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু নিয়ে তদন্ত

সাম্প্রতিক সময়ে রাজধানীর মেট্রোরেল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ এসব ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

৫ আগস্টের কর্মসূচি ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

৫ আগস্টের কর্মসূচি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা বর্তমানে নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here