Home রাজনীতি কারাগার থেকে আর ফেরা হলো না, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক উপজেলা...

কারাগার থেকে আর ফেরা হলো না, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনির খান

0
6
কারাগার থেকে আর ফেরা হলো না, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনির খান

জাতীয় নিউজ ডেস্কবিডি ভিউজ বাংলা

একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান মনির খান (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনির খান আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরিবারের দাবি, ছবি প্রকাশের পর পর্যায়ক্রমে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন মিললেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর সুস্থ হয়ে ফিরতে পারেননি।

মিজানুর রহমান মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় ৬টি এবং পটুয়াখালীতে ২টিসহ মোট ৮টি মামলা ছিল।

তার স্ত্রী সালমা জাহান জানান, গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় মনির খান স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন আইসিইউতে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার তিনি মারা যান।

পরিবারের দাবি, সর্বশেষ মামলায় ৩০ জুলাই জামিন পাওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন নিশ্চিত হয়েছিল। হাতকড়া পরা ছবি নিয়ে বিতর্কের পর পুলিশ হাতকড়া খুলে নিলেও তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here