বিডি ভিউজ বাংলা ডেস্ক: সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলেই সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত হবে না।
শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করাই এই চুক্তির প্রধান উদ্দেশ্য।
চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে ইব্রাহিম রেজাই সৌদি আরবকে উদ্দেশ করে বলেন, ‘সৌদিদের অবশ্যই জানা উচিত, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না। যেমনটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর একপাক্ষিক সম্পর্কও তাদের কোনো নিরাপত্তা এনে দিতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজেদের নীতিতে সংস্কার আনুন, যাতে অন্যদের কাছে নিরাপত্তা ভিক্ষা চাইতে না হয়।’
ইব্রাহিম রেজাই বর্তমানে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: Middle East Eye












