Home আন্তর্জাতিক ট্রাম্পের কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার নিট লোকসান

ট্রাম্পের কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার নিট লোকসান

0
4
ট্রাম্পের কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার নিট লোকসান

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৫:০০
আপডেট: ১১ আগস্ট ২০২৬, ১৫:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (TMTG) চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২৩৮ দশমিক ১ মিলিয়ন ডলার নিট লোকসান করেছে। আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান ছিল প্রায় ২০ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে ১০ গুণেরও বেশি।

এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে মাত্র ১৭ লাখ ডলার। তবে আগের বছরের একই সময়ের তুলনায় আয় ৮৯ শতাংশ বেড়েছে। বড় লোকসানের অন্যতম কারণ হিসেবে ডিজিটাল সম্পদ ও ক্রিপ্টোকারেন্সির মূল্য কমে যাওয়াকে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প মিডিয়ার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল। গণমাধ্যম ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সি, অনলাইন বেটিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর খাতে সম্প্রসারণের চেষ্টা করেছিল। তবে বড় লোকসানের পর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন মূল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবসায় আবারও বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

ট্রুথ সোশ্যালে নতুন সেবা

ট্রাম্প মিডিয়া Truth API নামে একটি নতুন সেবা চালু করেছে। এর মাধ্যমে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীরা ট্রুথ সোশ্যালে প্রকাশিত গুরুত্বপূর্ণ পোস্ট অন্যদের তুলনায় দ্রুত পাওয়ার সুযোগ পাচ্ছেন।

বিশেষ করে ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে শুল্কনীতি, আন্তর্জাতিক সংঘাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত পোস্ট করেন। এসব বক্তব্য বাজারে প্রভাব ফেলতে পারে বলে ট্রুথ API নিয়ে এরই মধ্যে নৈতিক ও স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে।

প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে ১০টির বেশি গ্রাহক এই সেবায় যুক্ত হয়েছেন। গ্রাহকদের মাসে প্রায় ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে।

স্বার্থের সংঘাত নিয়ে বিতর্ক

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের রাজনৈতিক ও নীতিগত বক্তব্য একই সঙ্গে বাজারে প্রভাব ফেলতে পারে এবং তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান সেখান থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে—এ কারণে ট্রাম্প মিডিয়ার নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে।

তবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে, রিয়েল-টাইম পাবলিক ডেটা বাণিজ্যিকভাবে সরবরাহ করা প্রযুক্তি ও আর্থিক তথ্য খাতে প্রতিষ্ঠিত একটি ব্যবসায়িক পদ্ধতি।

সূত্র: এপি, ওয়াল স্ট্রিট জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here