আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫ শতাংশের বেশি এখনও অক্ষত রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—ওয়াশিংটনের এমন দাবিও নাকচ করেছেন তিনি।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে তাদের হামলার সাফল্যের কথা দাবি করছে, বাস্তব পরিস্থিতি ততটা নয়।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বড় একটি অংশ এখনো কার্যকর রয়েছে। ফলে দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস বা অকার্যকর হয়ে গেছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইরানি এই সামরিক কর্মকর্তার বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে নতুন করে বিতর্ক তৈরি করেছে। তেহরান বারবার বলে আসছে, হামলার পরও তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ন রয়েছে এবং প্রয়োজন হলে পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
তবে ইরানের এই ৭৫ শতাংশের বেশি সক্ষমতা অক্ষত থাকার দাবির স্বাধীনভাবে যাচাই করা তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সূত্র: আইআরএনএ












